Sunday, June 13, 2021

করোনাকাল 

কে যে কোন দিকে 'আসি'

বলল-  তার দিকে ঘাড় 

ফেরাতে না ফেরাতেই

হাত নেড়ে 'বাই' বলল

অন্য কেউ, অন্য দিকে-

ইতিমধ্যে 'এলাম রে'-

শুনলাম কি চেনা কণ্ঠে? 

'আজ তবে আসি' চেনা 

গলা এও! নৈঃশব্দের

শব্দে স্তব্ধ দিন রাত! 

সাড়া দিতে দিতে, হাত

নাড়তে নাড়তে ক্লান্ত

মন, অসাড় মনন। আরও

কত বাকি! সার বেঁধে

মিছিলে চলেছে কত

সুসময়, চেনা মুখ, 

স্নেহ, প্রেম, ভালোবাসা। 

মানুষ তো নয়, যেন

সংখ্যাতীত ঝরাপাতা-

শীতের শুরুর মতো, 

ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে

নিঃসীমে নিঃশেষ হয়ে!

01/05/2021

Friday, August 21, 2020

স্বাধীনতা ৭৩

স্বাধীনতা ৭৩

রূপায়ণ বড় দুর্বল।
আজন্ম তার সম্বল
অসুখ-বিসুখ,
ক্লিষ্ট শরীর-মুখ।
তার সুস্থ থাকার দায়
কারো ওপরে কি বর্তায়?
রূপায়ণ রোজগেরে।
কিন্তু কপালফেরে
জুটেছে পকেটমার!
বাঁধা বন্দোবস্ত তার।
লাগরে ভেলকি লাগ –
ভ্যানিশ সিংহভাগ!
তাই রূপায়ণ ভোগে
চির অপুষ্টি রোগে।
বল যত প্রয়োজন,
তার তুলনায় বড়ো ক্ষীণ আয়োজন।
মাঠে-ময়দানে নেতা-জনগণ,
সেমিনার আর কত কমিশন,
বিজ্ঞ-প্রাজ্ঞ বহুজন মিলে দিল তাকে টার্গেট।
কিন্তু সে খায়নি তো ভরপেট!
সস্তার তিন অবস্থা-
প্রতি বর্ষায় ভাঙা রাস্তা-
অথবা হঠাৎ ব্রিজ ধূলিসাৎ!
রূপায়ণও কুপোকাৎ!
টার্গেট থেকে লক্ষ যোজন দূরে
রূপায়ণ গেছে হেরে!
ইত্যবসরে গদি ওল্টায়
রং বদলায়, নীতি পাল্টায়-
একই গল্পের পুনরাবৃত্তি-
একটুও নেই যত্নআত্তি।
রূপায়ণ চুরমার-
বার বার আর কতবার?
বাজারে এসেছে টাটকা শিক্ষানীতি-
ওপড়াবে যত পুরোনো ব্যর্থ স্মৃতি।
রূপায়ণ! চোখ খোলো-
আরও একবার কাঁধেতে জোয়াল তোলো।
রূপায়ণ বড়ো শ্রান্ত।
অনৈতিকের ফাঁপা হাড়গোড়ে রূপায়ণ দিগভ্রান্ত!
বয়স তিয়াত্তর,
দু’পা কাঁপে থরথর-
রূপায়ণ! আরও একবার
ব্যর্থ হবার সময় এসেছে-
দেশপ্রেম যে আবার হেঁকেছে-
পারবে কি নিতে গুরুভার?

6th August, 2020

নিজভূমে

 নিজভূমে

তিনি তোমাকে কণ্ঠ দিয়েছেন-
রাষ্ট্র দিয়েছে সঙ্গীত।
সমবেত সঙ্গীতে কণ্ঠ মেলালে
বেঁচে যাবে গলা, বর্তে যাবে তুমিও।
অনধীন গতিবিধি নিয়ে
গলায় বকলস ছাড়াই
তুমি পা মেলাবে নেশাড়ু চলনে
গড্ডলিকা প্রবাহে।
এমনকি যদি দর্শাতে পারো
বিশেষ দক্ষতা, থাবার জোর, শাণিত নখর-
যদি খুশি হয়ে যায়
সন্ত্রস্ত মেষপালক-
তবে খেতে পারো আস্তে আস্তে
মঞ্চের সবটুকু আলো।
আর অন্ধকারের পুরোটাই
জড়িয়ে দাও প্রেক্ষাগৃহে-
অন্ধকার তালিম দেবে
সমবেত সঙ্গীত অথবা নৈ:শব্দে।
অন্যথায় তুমিই মহামারী!
বিরোধী কণ্ঠ চিনে চিনে,
ঘোর তমসায় শ্বাপদ ক্ষিপ্রতায়
খুবলে ছিন্ন করো প্রতিবাদী অস্তিত্ব।
দেশপ্রেমী গিলোটিন ঘিরে
ছড়িয়ে ছিটিয়ে অসহায় চেয়ে থাকে
গণতন্ত্রের ছ্যাতরানো রক্ত-মাংস-মগজ-স্বপ্ন।

30th July, 2020

Saturday, July 11, 2020

চলনকথা


চলনকথা
সাতকাহন সাতকাহন-
কত দিনের পথ
ফেলে এলে বৃষ্টি-রোদে
ধূলিধূসর রথ?
রথের চূড়োয় উড়ছে ধ্বজা
হাওয়ার সাথে যুদ্ধ-
রইতে হলে সইতে হবে
হাওয়া বড়োই ক্রুদ্ধ!
ক্রোধের থাবা আষ্ঠেপৃষ্ঠে
বিতত বিতংস-
আগুনরেখায় গণ্ডি টানা
হাতছানি দেয় ধ্বংস!
ধ্বংসমাতন সামাল সামাল,
মূল্য কড়ি কানা,
তবু শূন্য থেকে অন্য ভোরে
ফিনিক্স মেলুক ডানা।

July 12, 2020

আয়না


tuerSp1uSosns0or Jruhalegtdy 2l0S17 
Shared with Public
Public
আয়না
সামনে তোমার আয়না মজুদ
তবুও তুমি দেখছো না।
একি বালাই! নিজেকে আজ
মানুষ বলেই চিনছো না!
চোখে তোমার অসুখ নাকি?
মনে ঘুনের বাসা?
কার সলাতে চলন তোমার
এমন বুদ্ধিনাশা!
মানুষ-চোখে মানুষ-মনে
আয়নাটাকে বোঝো,
নিজের ভিতর ঘুমন্ত সেই
মানুষটাকে খোঁজো।

Friday, June 5, 2020

ফর্মুলা


ফর্মুলা
ঝড়ের ওপর ঝড় এসেছে, নেই কোনো উপায়-
আমফানেতে সব কেড়েছে, বাকি প্রাণের দায়।
পায়ের নিচে নেইকো মাটি, পেটের খিদে সার-
মাথার ওপর ছাদ উড়েছে - ভগবানের মার।
নোনাজলে মাঠ ডুবেছে নিঃস্ব শস্য সুখ,
বন্ধ্যা জমি ক'টা বছর ফিরিয়ে নেবে মুখ।
ঘরের রসদ আগেই খতম, এবার লোপাট ঘর-
চোখের সামনে শুধুই আঁধার শূন্য চরাচর।
এ জল এবার মাপা হবে রাজনৈতিক স্কেলে,
হিস্যা নিয়ে লাঠালাঠি পদ্ম-ঘাসের ফুলে।
উলুখড়ে চুষবে কলা চিরকাল যা হয়-
ভয়ের গ্রহে জন্ম এদের কপালজোড়া ক্ষয়!
ক্ষতির হিসেব কষতে আছে দুটিই ফর্মুলা-
মড়ার ওপর খাঁড়ার ঘা - না যদি যায় বলা
মেনে তখন নিতেই হবে অন্যটিকেই খাঁটি-
ক্ষতি নেহাৎ বোঝার ওপর ছিল শাকের আঁটি।



[May 28, 2020, Lockdown day 65]

ভারি ভার্চুয়াল

ভারি ভার্চুয়াল

উত্তরে চাই দক্ষিণে চাই
ফেসবুক বিনে কোনো গতি নাই।
বলবো কি ওকে, দেব কি হৃদয়?
কেয়াবাৎ নাকি হায় হায় হায়-
হাহা হিহি হোহো? রেগে হবো লাল?
সূক্ষ্ম হিসেবে কেটে যায় কাল!
কত যে রান্না করেছি খান না
হাজার দেখেও কম পড়বে না।
সবই মায়াময় জিভে-জল ছবি-
নজরানন্দে ভুলে থাকো ভবি।
শেয়ার নতুবা গল্প কবিতা
রম্য রচনা, প্রাণের বার্তা-
আত্মকথনে দেয়াল ভরাই
ভুলে বা না-ভুলে আপদ বালাই।
পুব দিক থেকে পশ্চিম পানে
হোয়াটসঅ্যাপেই রাখে চোখ টেনে।
শুধু ছুটোছুটি ফরোয়ার্ড খেলা-
কোথায় কি গেল - বড়োই ঝামেলা।
ভুল পথে গেলে ডিলিট ডিলিট
তাতেও তো কাটে বেশ ক'মিনিট।
তারপর আছে ফিরে ফিরে নাচ
একই ছবি গান দিনে বার পাঁচ!
একই জ্ঞান দেয় নানা দলবল
মনে হয় যেন মরশুমি ফল!
চার দেয়ালের সীমিত জীবন
টেকনোলজির ভরসা-যাপন।
হয় যদি তাতে ওলোটপালোট
বেঁচে থাকা বুঝি হারায় সাপোর্ট!
বাপরে, এল কি শেষের সেদিন?
আসলে হঠাৎ হল একদিন-
ভার্চুয়ালটা গিলে খেয়ে নিয়ে
ঢেঁকুর তুলেছে, এসেছি বেরিয়ে।
অ্যাকচুয়ালেতে পড়েছি ধপাস-
মাটি জল রোদ আকাশ বাতাস!
হোক পরিচয় আবার না হয়
বন্ধুর মতো পেতে আশ্রয়।

[May 24, 2020, Lockdown day 61]