অবগাহন
তোমার বুকে এলাম রেখে
প্রহর ভরা মন উচাটন -
অবগাহন অবগাহন।।
তোমার স্রোতে ভাসিয়ে দিলাম
অভিমানের তামাদি মন -
অবগাহন অবগাহন।।
তোমার বুকের বিদ্যুতে থাক
হারিয়ে ফেলা অতীত চারণ -
অবগাহন অবগাহন।।
তোমার জোয়ার জলে নেভাই
পরশমণির প্রথম আগুন -
অবগাহন অবগাহন।।
তোমার ভাঁটায় বিপর্যস্ত
প্রাচীন পাপের প্রথম মাতন -
অবগাহন অবগাহন।।
তোমার ঢেউয়ের সর্পিলতায়
রোজনামচার জটিল নাচন -
অবগাহন অবগাহন।।
তোমার পাড়ের ছলাৎ ছলে
থমকে থামা সব আয়োজন -
অবগাহন অবগাহন।।
তোমার বুকের গভীর গোপন
উপড়ে ফেলে সকল বাঁধন -
অবগাহন অবগাহন।।
তোমার জলে ডুবিয়ে এলাম
স্বপ্নপূরণ ক্ষরণ দহন -
অবগাহন অবগাহন।।
তোমার জলেই ফুলদানিতে
ভিজিয়ে রাখি মনকেমন -
অবগাহন অবগাহন।।
তুমিই নদী তুমিই সময়
উথাল পাথাল রোজের যাপন -
অবগাহন অবগাহন।।
25/10/22
No comments:
Post a Comment