Thursday, May 7, 2020

বৃষ্টি তুমি


বৃষ্টি তুমি
বৃষ্টি তুমি টুপ টাপ টুপ-
বৃষ্টি তুমি টাপুর টুপুর-
বৃষ্টি তুমি ঝমঝমাঝম-
সকাল থেকে সারা দুপুর। 
বৃষ্টি তুমি সারাটি রাত
গোলন্দাজী বাজ-বিদ্যুৎ,
গাছের সঙ্গে পাঞ্জা লড়াই-
ধ্বস্ত ভোরের নেই কোনো জুত।
মেঘের পরে মেঘ সেজেছে-
কালো মেঘে চিল সিল্যুয়েট-
বৃষ্টি তুমি মেঘমল্লার,
মেঘালয়ের খোলা লকগেট।
বৃষ্টি তুমি সৃষ্টি অপার,
ধারাপাতে ছুটির গন্ধ-
ডুবলে শহর রেইনিডেতে
কেউ খুশি আর কেউ বা জব্দ।
স্কুলের ছুটি বিকেল বেলা-
পিচ রাস্তায় ছপাৎ ছপাৎ,
হুগলি নদীর জুঁই ফুলী ঢং-
বৃষ্টি তুমি ছলাৎ ছলাৎ। 
হাওড়া ব্রিজে বৃষ্টি ভিজে
কাক মানুষের ছড়াছড়ি,
ছাদের ওপর ভেজা কাপড়
দড়ির সঙ্গে জড়াজড়ি। 
বৃষ্টি তুমি শস্যশ্যামল,
ধানের বুকে দুধ ভরন্ত-
বৃষ্টি তোমার অনেক ছবি
অ্যালবামে তার নেইকো অন্ত। 
বৃষ্টি তুমি একই আছো
বদলে গেল জীবন যাপন
আমূল পরিবর্তনেতেও
বৃষ্টি তুমি থেকো আপন।
[May 07, 2020 Lockdown Day 44]

No comments:

Post a Comment