Saturday, February 27, 2010

পুনরুদ্ধার

তীক্ষ্ণ নখরে রক্তাক্ত রামধনু
ধিকিধিকি চাঁদ বারুদে ঝলসানো
শতচ্ছিন্ন পুষ্প আর
শোকস্তব্ধ মেঘভার -- সবাই
কথা দিয়েছে তারা গাছ হবে
ভালোবাসার গন্ধে --
সম্মিলিত পায়ের ছন্দে
পেরিয়ে যাবে আক্রমণ।
বলেছে -- আরও একবার
জিতে যাবেই মানুষ
যদি মানুষ করে অঙ্গীকার!

(written in 2002, after the Gujarat riot)

Sunday, January 31, 2010

অসুখ

অসুখ

এখানে গভীর অসুখ
মেঘেরা রাখেনা পা
জমে জমে কালো হয়
কালোতে বাড়ে আঁধার

ভুলেও খেলেনা হাওয়া
ছুটে বা হেলেদুলে
জমে ক্রমে জরতি
বেঁচে মরা অনায়াস

রোদ তো বোঝেনা ধাঁধা
কিবা দিন কিবা নিশি
ছকবাঁধা টানে ছোটে
পড়িমরি বারোমাস

স্যাঁতস্যাঁতে কাদা মাটি
পা রাখা যায় না মোটে
তাই সময় বসেই থাকে
ঘোড়ার গাড়িতে উঠে

নিয়মনিষ্ঠ সন্ত্রাস
অধিকারে রাখে ঘাঁটি
খাঁটি দুধে খাঁটি জল
দুইয়ে মিলে তবু খাঁটি!

Saturday, October 17, 2009

ইন্টারনেট

ইন্টারনেট

ভোর বেলাতে জগিং
সন্ধ্যেবেলায় ব্লগিং
শরীর-স্বাস্থ্য ভালো
মনের ভেতর আলো

আলোর কথায় বলি
লোডশেডিং-এ চলি
হোঁচোট খেয়েই কাৎ
আজকে বাজি মাৎ

কথা গড়ে গড়ে
হাওয়ায় দিলাম ছেড়ে
এক ক্লিক-এতেই ভোঁ
কানামাছি ছোঁ

হাওয়ায় কথা ভাসবে
শূন্যে ঝুলে হাসবে
একটি ক্লিক-এ ডাক পাঠালে
ইনবক্সেও আসবে

একি PC-র কল
ক'ফুট খুশি বল!
কথার ল্যাজটা পাকড়ে ধরে
শূন্যে ভেসে চল!