Sunday, April 26, 2020

আমার পাড়া



আমার পাড়া

আমার পাড়ায় রাত পোহালেই
গঙ্গাস্নানের ধুম-
মাঘের ভোরে হরিকীর্তন
ভাঙায় নাছোড় ঘুম।
ভোরের আগেই হাতঠেলা ঐ
কর্পোশনের গাড়ি,
চামচে-ঝাঁটার সঙ্গে নিজের
বিকট শব্দ জুড়ি-
গড়ায় পথে, সঙ্গে থাকে
প্যাঁকর প্যাঁকর প্যাঁক-
ব্যারন রুটির প্যাডেল করা
ভ্যান এল রে দ্যাখ!
ভোর না হতে রিক্সাখাটাল
প্রাত:কৃত্য শেষ-
রিক্সা গড়ায় ঢকঢকাঢক
ঘন্টি বাজার রেশ।
ভোরের প্রথম জল এল যেই
লাইন রাখে বালতি,
গামছা পরে পথে বসেই
চানেরও নেই খামতি।
পাড়ার মোড়ে চায়ের দোকান
উচ্চকিত স্বরে-
টাটকা-বাসি-আজব-গুজব
সব সাপ্লাই করে!
ছাপাখানা ছাড়াই পাড়ায়
গজায় যত খবর!
বিড়ির ধোঁয়ায় চা-চুমুকে
বাড়ে তারই বহর।
তারপরেতে বাজার করা
সে এক ভারি পর্ব,
আলু-বেগুন-পটল তোলায়
যুদ্ধজয়ের গর্ব!
সুয্যিঠাকুর এই পাড়াতে
ওঠেন ধড়মড়িয়ে-
আলতো ভোরের চুপকথারা
এ তল্লাটে নেইরে!
আমার পাড়া মাটির কাদায়
শক্ত করে গাঁথা,
সামনে যদি একটু এগোয়
পশ্চাতে যায় জাদা।
সফি কেতার নোটবুকেতে
লেখা তো নেই নাম-
অলিগলির গোলোকধাঁধায়
নেই জীবনের দাম।
ঘরের পাশেই সোনাগাছি
ঘুমোয় নাকো পাড়া-
24x7 সারাক্ষণই
দেবে তোমায় সাড়া।
এক শহরের বুকের ভেতর
অসংখ্য কোলকাতা,
খোলা চোখে হরেক রকম
বন্ধ চোখে সাদা!
সব হুল্লোড় থমকে গেছে-
চুপচাপ শুনশান-
রুজিরুটির দফা সারা
পড়ছে পেটে টান।
আশঙ্কা আর অনিশ্চয়ে
বন্ধ নড়াচড়া।
অপেক্ষাতে আছি আবার
জাগবে কবে পাড়া!

[April 26, 2020, Lockdown Day 33]

Wednesday, April 22, 2020

রাশি FALL

রাশি FALL
লকডাউনের খবরকাগজ গায়ে-গতরে স্লিম,
গল্পগুলো চুপসে গেছে, দিন এনে খায় দিন।
ফ্যাঁকড় পাতা মাকড় কথার বহর অনেক কম-
রাশিফলটা আগের মতোই পুরো দেড়কলম।
‘ঈর্ষাকাতর সহকর্মী করবে আজই কাঠি-
সম্পত্তিলোভ-ভ্রাতৃবিরোধ, ক্রয়বিক্রয় মাটি,
প্রশংসাটা জুটতে পারে, অর্থপ্রাপ্তি নেই,
লাগামছাড়া দু:সাহসে বিপদে ফাঁসবেই-
বিনিয়োগটা আজকে শুভ, জ্ঞাতি কুচক্রী,
তৃতীয়পক্ষ বাগড়া দেবে, মেয়ের শ্রীবৃদ্ধি-
সন্দেহবাতিকের জেরে প্রেমে অশান্তি,
ছলাকলায় সমঝে চলো খরচাটা বাড়তি-
মামলা করলে লম্বা চলবে, গতানুগতিক,
চারুকলায় অর্থপ্রাপ্তি হবে আকস্মিক।’
আগের মতোই একই কথায় আজকের রাশিফল-
তামাম জগৎ পালটে গেল, এদের নেই বদল!
বৃষ মিথুন কন্যা তুলা ধনু ও বৃশ্চিক-
অদ্য দিবস হেসেখেলে উৎরে যাবে ঠিক।
সিংহ মকর কুম্ভ কর্কট আরও আছে মীন-
এদের যা হোক ল্যাজগোবরে কেটে যাবে দিন।
এদের স্বাস্থ্য ভালো-মন্দ নেই কোনো উল্লেখ-
ধরবে নাকো করোনাতে বুঝলাম অতএব।
এগারোটি তরে গেলেও রইল বাকি মেষ-
তার কপালে সংক্রমণ আর স্বাস্থ্যহানির রেশ।
এই বাজারে কেবল মেষের অসুস্থতার ভয়!
তাহলে তো গ্রাফটা নিচে গড়াবেই নিশ্চয়!
রাশিফলে রোজই এমন নিম্নগামী গ্রাফ-
শরীর-স্বাস্থ্য শুধুমাত্র দু-একটির খারাপ।
এমন হিসেব সাপোর্ট দিলে আর কিবা দরকার?
মৃতের সংখ্যা রোজ কমাবেন গ্রেট পিসি সরকার!

(April 22, 2020, Lockdown Day 29)

Tuesday, April 21, 2020

সহজপাঠ

আজ মঙ্গলবার
পাড়ার জঙ্গল সাফ করবার দিন।
কাউকে না ডেকে ওটা
একা করে নিন।
নয়তো অধুনা কাজটা থাক না-
প্রকৃতি ক'দিন মেলুক পাখনা।
ওদিকে না দেখে বজায় রাখুন
সোশ্যাল-ডিসট্যান্সিং।

(April 21, 2020, Lockdown day 28)
কারার ঐ লৌহকপাট

নাচে ঐ কালবোশেখী
ঘরেতে বসেই দেখি
সবাই মিলে লকডাউনে আটক থাকি।
লাটে তোল, দে রে তালা
যত সব ঠাকুরতলা-
আগুন জ্বালা, আগুন জ্বালা।
করোনার দন্ত-নখর হোক না যতই প্রখর
রুখব তাকে লকডাউনে রেখে শহর-
আমরাই জিততে পারি যদি সব ইচ্ছে করি
ইচ্ছে নিশান উড়ুক এবার প্রতি প্রহর।।


(April 20, 2020, Lockdown day 27)

Oh! Calcutta



Oh! Calcutta

তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করেছি বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
দীর্ঘ বরষ মাস।
জিয়ন কাঠির পরশ আবার
লাগুক পরাণে তোর,
চেনা মানুষের হৈহুল্লোড়ে
ফিরুক চেনা সে ভোর।


(19 April 2020, Lockdown day 26)

Friday, April 17, 2020

বং মাস্কেটিয়ার্স


বং মাস্কেটিয়ার্স



সাতসকালে ঝুলিয়ে থলে,
দুলিয়ে নেয়াপাতি-
বাবু এখন বাজার চলেন
ল্যাদ খাওয়া তার গতি।
গলায় আছে মাস্কটি বাঁধা
নেকলেসেরই মতো-
নাক-গোঁফ-ঠোঁট সবাই স্বাধীন,
দিচ্ছে উঁকি দাঁতও।
মাঝেমাঝেই ফুঁকুর ফুঁকুর
সিগারেটের ধোঁয়া-
কোথায় পুলিশ? কে ধরবি আয়-
কুছ নাহি পরোয়া।
এর ফাঁকেতে ওয়াক থু-তে
আলপনাটাও আঁকি-
চোর-পুলিশের খেলায় আমার
নেইকো কোনো ফাঁকি।
হেলতেদুলতে পৌঁছে বাজার
ভীড় যেখানেই পাই,
ওইখানেতেই সস্তা-টাটকা
জলদি সমঝে যাই।
ভীড়ের ঘাড়ে মুখ বাড়িয়ে
হাঁকডাকে দিই সাড়া-
লকডাউনে আমরা হলাম
করোনারও বাড়া।
হপ্তা-ভরা ভক্তি আমার
তাই তো কেলাই দাঁত-
ডিসট্যানসিং-এর ধার ধারি না
করছি বাজার মাৎ।
উপোস-তিরেস পাথর-ধারন
মাদুলি পরা জাত-
যেমন তেমন মাস্ক ধারনেই
করোনা কুপোকাৎ!

(April 18, 2020, Lockdown day 25)


নববর্ষের শুভেচ্ছা -
এক-
কোভিড নাইনটিন
বদলে দিল দিন!
আশায় বাঁধি বুক
ফিরবে আবার সুখ।
ভ্যানিশ ভাইরাস
চোদ্দোশোসাতাশ!

দুই-
তোমার ঘরে রেশন থাকুক
দু-চারটে ফল ঘরেই পাকুক।
ডাল দিয়ে ভাত সবটি মেখে
পেট ভরে খেও সব্জি চেখে।
মাছ-মাংস দুধ-ছানা-গুড়
নাই বা হলো টইটম্বুর।
আসছে বছর আবার হবে
করোনা-ত্রাস ফুরিয়ে যাবে।
একলা থাকাই এখন দিশা,
ঘরে রেশন, প্রাণে আশা।

(April 17, 2020, Lockdown day 24)

Thursday, April 16, 2020


লকডাউনের ছড়া
কলেজইস্ট্রিট, কলেজইস্ট্রিট, তুমি কেমন আছ?
কাটাকুটি ট্রামের লাইন, বিছিয়ে রাখো আজও?
বিষম শব্দ, দূষণযন্ত্র ফেল করে যায় রোজ,
লাখো মুখের মিছিল, কারো কেউ রাখে না খোঁজ!
হরেক আলো পিছলে পড়ে সুখদু:খের গায়
আলোর ছটায় কান্না-হাসি চেনা বড়ই দায়!
থমকে থামার নেই কো আইন, ছিটকে যেতে হবে-
হাওড়া গেলে পশ্চিমে যাও, জব্বর জ্যাম পাবে।
পুবের দিকে ভীড়ের মাঝে ওই যে শেয়ালদা
উত্তরেতে হাতিবাগান, শ্যামবাজারও হোথা।
সারি সারি বইয়ের দোকান ফুটপাতে দক্ষিণে
কফিহাউস বাঁয়ে রেখে প্রেসিডেন্সি ডানে-
পেরিয়ে গেলেই কলকাতার সেই বিশ্ববিদ্যালয়,
মেডিকেলের দরজা ছুঁয়ে পথ গড়িয়ে যায়।
এই সমস্ত ভালো আছে? আগেও ছিল যেমন?
সব মিলিয়ে কলেজইস্ট্রিট, আছ তুমি কেমন?
তোমায় ঘিরে স্বপ্ন হল কালকে রাতের শেষে
আলোর সুইচ অফ করেছেন তাপস সেন এসে-
চৌমাথাটার মধ্যিখানে চাঁদের আলোর স্পট-
তাকে ঘিরে তাথৈ নাচে অদৃশ্য সব নট।
দিনেরবেলা পিসি সরকার ম্যাজিক দেখাচ্ছেন!
হাপিশ মানুষ-গাড়িঘোড়া, আর যত লেনদেন।
শব্দ-জব্দ কী নিস্তব্ধ সবদিকই শুনশান
একলা রাস্তা ডিউটি করে বুক পেতে টানটান।
এসব কথা সত্যি নাকি! একটু বলে দেবে?
তোমার সাথে সবার আবার কবে দেখা হবে!

(April 16, 2020, Lockdown day 23)