Saturday, January 22, 2011

নষ্টমেয়ে
আকাশ আগুন
মাটি আগুন
শরীরভরা আগুন, আমি
আগুন নিয়ে বাঁচি...
আগুন সাক্ষী
চলন বিনা
জন্ম হবে বৃথা, আমার
নেইকো বাছাবাছি...
এই আগুনই
করতো নিকেশ
মরা পতির সঙ্গে, আমি
জ্যান্ত পুড়ে নাচি...
আজও আগুন
ফন্দি জিভে
লকলকিয়ে চাটে আমায়-
পণ-না-আনা পাজি...
নয়তো ডাকি
আয়রে আগুন
সর্ব জ্বালা জুড়িয়ে, আমি
মরণ হলেই বাঁচি...
ঘরে আগুন
ঘাটে আগুন
ফেরার রাস্তা অগ্নিদগ্ধ
ছাই ধরেছে বাজি...
ছেঁড়া নোঙর
পোড়া নদী
বিতত বিতংসে আমি
ডুবতে রাজি আছি...
দুধে আগুন
ভাতে আগুন
আদিম আগুন মজুদ; আমার
সাকিন সোনাগাছি...
[8.12.05]

Monday, January 10, 2011

কনসার্ট
ঘাসের ডগায় সুর,
গাছের পাতায় তাল,
হাওয়ায় নাচে লয়,
শরীরের তন্ত্রীতে শিশিরকণা-
মাটির গভীরে মীড়,
আকাশে ডানা মেলা গমক,
রাতের অন্ধকার সন্তর্পণে মুড়ে রাখে
গুরুগুরু তবলার বোল-
কালবোশেখীর কালো মেঘকে শেখাবে
তা আগামী বৈশাখে।
জোয়ারির জোয়ারে প্লাবিত অযুত সত্তা।
সরোদ-সরোদিয়া এখন অভিন্ন,
অভিন্ন দু-সহোদরের দুই আত্মা,
তাবৎ ভিন্নতা বাষ্পীভূত সুরের উৎসারে।
সময়ের কণা অপেক্ষমান তারার আলোয়-
নাগরিক যন্ত্রণা নতজানু
এই একনায়কতন্ত্রে।
ট্রামের ধাতব শব্দ পেরিয়ে
ইমনের ম্যাজিক
কলেজস্ট্রিট জুড়ে।
উত্তাল দেশ, উদ্বেল কাল, উঁচুনিচু ঢেউ
নিমেষে একই মাপের
একই তর্জনী বিভঙ্গে!

[pilsuj, 2003]
[আমজাদ আলি আমন আর আয়ানকে নিয়ে সরোদ বাজিয়েছিলেন প্রেসিডেন্সির খোলা মাঠে]

Sunday, January 9, 2011

মন্দ নাকি ভালো

মন্দ নাকি ভালো

শরীর জুড়ে আসন পাতা
ছায়ায় মোড়া নদী
এক গণ্ডুষ জল কে বা দেয়
প্রহর ফুরোয় যদি!

ফুরোয় যাপন লাল-সবুজের
রং শুষে নেয় কারা?
অন্ধকারে ছড়িয়ে আছে
কয়েক মুঠি তারা।

আলগা মুঠির পলকা ফাঁকে
জনম গলে যায়
ঘাস মাড়িয়ে মাঠ ছাড়িয়ে
মৃত্যু নাচে পায়ে!

লাস্য নাচে আগুন হলো
নিভন্ত ওই আলো
এক জনমে ক্যামনে জানি
মন্দ নাকি ভালো!