Sunday, March 7, 2010

তাই সই

তাই সই

সুপ্রাচীন মুহূর্তেরা
উবে গেছে নাগাল পেরিয়ে -
তারা আমার ছিল না।

গভীর জঙ্গলপথে
আমাকে ছাড়াই সুখী যারা -
তারাও আমার নয়!

অন্য আকাশের মেঘ
আমার অগোচরে যে ভাসে -
সে কেন আমার হবে?

যে বৃষ্টি দেখিনি আমি
অথবা দেখবো না কোনোদিনই -
আমার হবে না সেও।

আগুনও, সেই আগুন,
আলেয়ার মতো দূরত্বে যে -
আমাকে দেবে না ওম!

যে নদী চির অচেনা
বাস যার অন্য মহাদেশে -
আমার শস্যে সে নেই!

যে শিশির অন্য ভোরে
আমার অজান্তে ঝরেছিল -
সে আমার অপরিচিত।

যে ঢেউয়ের জন্যে
থাকিনি অপেক্ষমান আমি -
সেও ডাকেনি আমাকে।

যে ফুল আমি দেখিনি
অন্য বনে ফুটেছিল, তাই -
আমার ধর্তব্যে নেই সেও।

ভালো বাসা, ভালোবাসা
যাতে নেই আমার সিঞ্চন -
তারাও আমার বাঁধন নয়।

এইভাবে অগণিত
কত মুক্তি! তবুও শীতঘুমে
বুঁদ, আপন কোটরে।
হাওয়া বয়, স্রোত বয়,
শেকলে শ্যাওলা মরচে জমছেই -
মাইরি, তবু তাই সই!!

[15.7.07]

নামতা

নামতা

এক এক্কে এক
মেঘ ঘনালো দেখ
দুই এক্কে দুই
ঝড় উঠেছে ওই
তিন এক্কে তিন
দিনের আলো ক্ষীণ
চার এক্কে চার
ঝিরঝির কী বাহার
পাঁচ এক্কে পাঁচ
দ্যাখ বৃষ্টির নাচ
ছয় এক্কে ছয়
করিস নে কো ভয়
সাত এক্কে সাত
ধর বৃষ্টির হাত
আট এক্কে আট
ভিজলে বালাই ষাট
নয় এক্কে নয়
আমরা করব জয়
দশ এক্কে দশ
বৃষ্টি আমার বশ!

[15.8.06]

Saturday, February 27, 2010

পুনরুদ্ধার

তীক্ষ্ণ নখরে রক্তাক্ত রামধনু
ধিকিধিকি চাঁদ বারুদে ঝলসানো
শতচ্ছিন্ন পুষ্প আর
শোকস্তব্ধ মেঘভার -- সবাই
কথা দিয়েছে তারা গাছ হবে
ভালোবাসার গন্ধে --
সম্মিলিত পায়ের ছন্দে
পেরিয়ে যাবে আক্রমণ।
বলেছে -- আরও একবার
জিতে যাবেই মানুষ
যদি মানুষ করে অঙ্গীকার!

(written in 2002, after the Gujarat riot)

Sunday, January 31, 2010

অসুখ

অসুখ

এখানে গভীর অসুখ
মেঘেরা রাখেনা পা
জমে জমে কালো হয়
কালোতে বাড়ে আঁধার

ভুলেও খেলেনা হাওয়া
ছুটে বা হেলেদুলে
জমে ক্রমে জরতি
বেঁচে মরা অনায়াস

রোদ তো বোঝেনা ধাঁধা
কিবা দিন কিবা নিশি
ছকবাঁধা টানে ছোটে
পড়িমরি বারোমাস

স্যাঁতস্যাঁতে কাদা মাটি
পা রাখা যায় না মোটে
তাই সময় বসেই থাকে
ঘোড়ার গাড়িতে উঠে

নিয়মনিষ্ঠ সন্ত্রাস
অধিকারে রাখে ঘাঁটি
খাঁটি দুধে খাঁটি জল
দুইয়ে মিলে তবু খাঁটি!